
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ সংকটের খবর নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বের যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে অনেক বেশি গোলাবারুদ ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম মজুত রয়েছে।
রোববার (২৬ জুলাই) দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে আমাদের, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি’।
এর আগে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত কমে আসতে পারে বলে প্রতিরক্ষা কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম সতর্কতা প্রকাশ করেছিল। জর্ডানে ইরানি হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এবং সেন্টকম প্রধান ব্র্যাড কুপারও সামরিক অভিযানের সীমাবদ্ধতা ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন।
তবে এসব আশঙ্কার বিপরীতে সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একাধিক ছবি প্রকাশ করেন ট্রাম্প। ছবিগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও আধিপত্যের বার্তা তুলে ধরা হয়। এর মধ্যে ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের একটি ছবিতে মার্কিন যুদ্ধবিমানকে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে এবং পেছনে ট্রাম্পের বিশাল প্রতিকৃতি দেখা যায়।
এদিকে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর বিশ্লেষক মার্ক ক্যানসিয়ান ও ক্রিস পার্কের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র অন্তত ১ হাজার ৫০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এবং বর্তমানে এ অস্ত্রের মজুদ ১ হাজারের নিচে নেমে এসেছে।
তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলও ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে জানিয়েছেন, প্রেসিডেন্ট যে কোনো সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিলে তা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর কাছে প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম ও সক্ষমতা বিদ্যমান রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া