
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির খাবারের মান নিয়ে কোনো অবহেলা-অনিয়ম সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২৭ জুলাই) সুনামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচি প্রকল্পের ওরিয়েন্টেশন এবং শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, "শিক্ষার্থীদের কাছে কোনো খারাপ খাবার যাবে না। খাবারের মানের বিষয়ে শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তাদের সচেতন থাকতে হবে। কোনো অনিয়ম বা অবহেলা পেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে।"
প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়িত হলেও সেগুলোর যথাযথ প্রচার হচ্ছে না বলে মন্তব্য করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ভালো কাজের প্রচারের পরিবর্তে নেতিবাচক বিষয়গুলো বেশি সামনে আসছে। এ পরিস্থিতি পরিবর্তনে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্থানীয় জনগণকে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয়ে ‘বন্ধু রেজিস্টার’ চালুর উদ্যোগ নেওয়া উচিত, যেখানে প্রতিষ্ঠানের আশপাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যালয়ের উন্নয়নে পরামর্শ দেবেন। একই সঙ্গে শিক্ষা খাতের ইতিবাচক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরারও আহ্বান জানান তিনি।
প্রাথমিক শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পরিকল্পনা রয়েছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ‘আমরা তার পরিকল্পনায় কাজ করছি। আমাদের প্রতিটি উদ্যোগ ও প্রচেষ্টা দেশ ও মানুষের কল্যাণে। শিক্ষকদের পে-স্কেল বা সম্মানী, যা-ই বলেন, তা উন্নয়নের জন্য কাজ চলছে। আমরা শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে চাই। সে জন্য নীতিমালা হচ্ছে। তাই শিক্ষকদের দায়িত্ববোধ বাড়াতে হবে। কারও একক চেষ্টায় নয়, সফলতা আসবে সম্মিলিত প্রচেষ্টায়।’
হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সুনামগঞ্জ হাওর এলাকা। এই প্রকল্পে এখন পাইলটিং হচ্ছে। এতেই আমরা সুনামগঞ্জের প্রায় অর্ধেক স্কুলকে যুক্ত করেছি। এখানে বর্ষায় কীভাবে শিক্ষার্থীদের স্কুলে বেশি উপস্থিতি নিশ্চিত করা যায়, তা নিয়ে ভাবছি। পাশাপাশি অবকাঠামো উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।