ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান অনশন থেকে সরে আসছেন না শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টিও। ফলে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার (২২ জুলাই) বিকেলে এক বিবৃতিতে সোনাম ওয়াংচুক জানান, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাঁকে আশ্বাস দিয়েছেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়টি তিনি ‘বিবেচনা করে দেখবেন’।
তবে এ আশ্বাসের পরও অনশন প্রত্যাহার কিংবা ককরোচ জনতা পার্টির আন্দোলন স্থগিতের কোনো ইঙ্গিত দেননি তিনি।
এদিকে, সংসদ অভিযানের দুই দিন পরও বুধবার বিকেলে দিল্লির যন্তর মন্তরে শত শত আন্দোলনকারী অবস্থান নেন। প্রচণ্ড গরম, আর্দ্র আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির মধ্যেও শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ অব্যাহত রাখেন।
আন্দোলনকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেনামে ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে।
অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে নির্বাচনী দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ২০ কোম্পানি সদস্যকে বিমানে করে দিল্লিতে আনা হয়েছে। বুধবারও রাজধানীর কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।
এদিকে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টা ৫১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবস্থান থেকে স্পষ্ট হয়েছে যে, আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি।
সর্বভারতীয় ডাক্তারি ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁস এবং এর জেরে অন্তত ২০ জন পরীক্ষার্থীর আত্মহত্যার দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছেন আন্দোলনকারীরা।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস