
মার্কিন হামলার জবাবে কুয়েত, বাহরাইনসহ পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসর। একই সঙ্গে এসব হামলার জন্য তেহরানকে দায়ী করে কায়রো বলেছে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অগ্রহণযোগ্য এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।
বুধবার (৮ জুলাই) মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়, আরব দেশগুলোর নিরাপত্তা বিপন্ন করে এমন যেকোনো পদক্ষেপ মিসর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়।
বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে মিসর জানায়, তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় কায়রো পাশে থাকবে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা মিসরের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এ অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ড পুরো মধ্যপ্রাচ্যের জন্য উদ্বেগের বিষয়।
ইরানের সাম্প্রতিক হামলার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের পুনরাবৃত্ত হামলার পক্ষে কোনো যৌক্তিক কারণ বা গ্রহণযোগ্য অজুহাত থাকতে পারে না। মিসরের মতে, এসব পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে এবং উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
তথ্যসূত্র: আল জাজিরা।