
বৃহস্পতিবার এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সারা দেশে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার, সরকারি নির্দেশনা মেনে চলার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশি বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইরানের বিভিন্ন স্থাপনায় চালানো একাধিক বিমান হামলার জবাবে ইরানের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতেই বাহরাইন এই সতর্কতা জারি করেছে।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সর্বশেষ মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। হামলার লক্ষ্য হিসেবে কুয়েতের ক্যাম্প আরিফজান ও আলি আল সালেম এয়ার বেস এবং বাহরাইনের শাইখ ইসা এয়ার বেস ও জুফাইর এলাকায় থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর নাম উল্লেখ করা হয়েছে।
জুফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি অবস্থিত, যা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর প্রধান ঘাঁটি। এখানেই মোতায়েন রয়েছে মার্কিন ফিফথ ফ্লিট।
আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণ উপকূলীয় এলাকা এবং পূর্বাঞ্চলের দুটি সেতুতে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।