
নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে নূর মোহাম্মদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, চলতি বছরের ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে আটক করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, নূর মোহাম্মদ কারাগারে থাকার সময় বকশীগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন আদালতে করে পুলিশ। তদন্ত কর্মকর্তার সেই আবেদন মঞ্জুর করে আদালত তাকে শোন অ্যারেস্ট দেখানোর অনুমতি দেন।
আদালতের আদেশের পর বৃহস্পতিবার বিকেলে নূর মোহাম্মদকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে তার জামিন আবেদন শুনানির জন্য আগামী ১৪ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে।