
যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর দুই দেশের উত্তেজনা আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো চাপ বা হামলার মুখেও ইরান পিছু হটবে না কিংবা আত্মসমর্পণ করবে না।
বুধবার (০৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিভিন্ন ঘটনার উল্লেখ করে গালিবাফ বলেন, "যুক্তরাষ্ট্রের দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না।"
পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের ওপর বিধিনিষেধ, নতুন করে সামরিক হামলার ধারাবাহিক হুমকি, দেশের দক্ষিণাঞ্চলে হামলা, তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা এবং লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান—এসবই যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতার পরিপন্থী।
গালিবাফ আরও বলেন, "তবে পরিস্থিতি যেমনই হোক, ইরানিরা কখনোই পিছু হটবে না বা আত্মসমর্পণ করবে না।"
অন্যদিকে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে কার্যত যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।
তুরস্কে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের শাসনব্যবস্থার কড়া সমালোচনা করেন। তিনি বর্তমান প্রশাসনকে উন্মাদ আখ্যা দিয়ে বলেন, "আমার মনে হয় এটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট।"
ইরানের শাসকদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, "ইরানিরা দুষ্ট ও অসুস্থ লোক। এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কী করতে হবে, শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।"