
আরব সাগরের আকাশে রাডার থেকে হারিয়ে যাওয়া একটি কার্গো বিমানের খোঁজে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে পাকিস্তান। বেসরকারি কার্গো এয়ারলাইন কেটু এয়ারওয়েজের বোয়িং ৭৩৭-৪০০ মডেলের বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে রওনা হওয়ার পর মঙ্গলবার (৮ জুলাই) রাত প্রায় ৯টা ১৮ মিনিটে বিমানটি নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির বার্তা পাঠায়। এর কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বৈশ্বিক উড়োজাহাজ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। পরে অল্প সময়ের জন্য কিছুটা ওপরে উঠলেও শেষ পর্যন্ত প্রায় খাড়া অবস্থায় নিচের দিকে নামতে থাকে। সর্বশেষ প্রাপ্ত সংকেত অনুযায়ী, বিমানটির অবস্থান ছিল করাচি থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে, আরব সাগরের আকাশে।
নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুসন্ধান অভিযানে পাকিস্তান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ, পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের একটি বাণিজ্যিক জাহাজ এবং নৌবাহিনীর দুটি উড়োজাহাজ অংশ নিচ্ছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমানটির ধ্বংসাবশেষ কিংবা কোনো ক্রু সদস্যের সন্ধান এখনও পাওয়া যায়নি।
এক বিবৃতিতে কেটু এয়ারওয়েজ জানিয়েছে, নিখোঁজ সহকর্মীদের নিরাপদে ফিরে আসার জন্য তারা প্রার্থনা করছে। পাশাপাশি অনুসন্ধান কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে।
জানা গেছে, এটি ছিল কেটু এয়ারওয়েজের বহরে থাকা একমাত্র উড়োজাহাজ।
ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে নিখোঁজ পাঁচ ক্রু সদস্যের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।