
প্রশান্ত মহাসাগরের দিকে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে চীন। এই সামরিক পদক্ষেপকে ঘিরে জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উদ্বেগ প্রকাশ করেছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে পিপলস লিবারেশন আর্মি নেভির একটি পারমাণবিক সাবমেরিন থেকে পরীক্ষামূলক (ডামি) ওয়ারহেড বহনকারী একটি ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক জলসীমার দিকে নিক্ষেপ করা হয়। পরে ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সমুদ্র এলাকায় গিয়ে পড়ে। তবে সেটি সুনির্দিষ্টভাবে কোথায় পতিত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই উৎক্ষেপণ চীনের বার্ষিক সামরিক মহড়ার নিয়মিত কার্যক্রমের অংশ। পাশাপাশি এতে জোর দিয়ে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি।
এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে চীন আগেই অস্ট্রেলিয়াকে অবহিত করেছিল। তবে তিনি মন্তব্য করেন, এ ধরনের সামরিক কর্মকাণ্ড অঞ্চলটির স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে।