
পূর্বমুখী কূটনৈতিক নীতিকে আরও জোরদার করার লক্ষ্য নিয়ে ছয় দিনের তিন দেশ সফরে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরকে ভারতের আঞ্চলিক ও কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে নয়াদিল্লি।
সফর শুরুর আগে দেওয়া এক বিবৃতিতে নরেন্দ্র মোদি বলেন, ‘ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হবে। একই সঙ্গে মুক্ত, উন্মুক্ত ও সবার অংশগ্রহণ নিশ্চিত করে এমন ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হবে।’
মোদির সফরের প্রথম গন্তব্য ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে তিনি সেখানে দুই দিন অবস্থান করবেন। সফরকালে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিবৃতিতে ভারতীয় প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে তার ইন্দোনেশিয়া সফরের সময় দুই দেশের সম্পর্ককে সমন্বিত কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করা হয়েছিল। সেই সফরের পর এবারই তিনি প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে দেশটিতে যাচ্ছেন।