
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও স্থানান্তর নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে দেশটির প্রশাসন। মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন ‘কিওয়া’ প্ল্যাটফর্ম জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে তাদের সেবা স্থানান্তরের সুযোগ পাবেন।
কিওয়ার নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ থাকবে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে।
কোনো কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় নবায়ন না হলে তার নাম প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ পড়বে। তবে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যতদিন তাকে কাজ করানো হয়েছে, সেই সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
কিওয়া জানিয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও ইকামার মেয়াদ যদি অন্তত ১৮০ দিন বৈধ থাকে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না। তবে ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে প্রশাসনিক জটিলতা ও জরিমানা এড়াতে ইকামা ও ওয়ার্ক পারমিট একসঙ্গেই নবায়ন করতে হবে।
প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত প্রবাসীদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই অতিরিক্ত জরিমানা ও আইনগত জটিলতা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সৌদি গেজেট।