
ইসরায়েলকে লেবাননের সব এলাকা থেকে কোনো শর্ত ছাড়াই সেনা প্রত্যাহার করতে হবে বলে দাবি জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে হিজবুল্লাহও প্রয়োজনীয় জবাব দেবে।
শুক্রবার (২৬ জুন) টেলিভিশনে দেওয়া ভাষণে নাঈম কাসেম বলেন, ‘ইসরায়েলকে সম্পূর্ণভাবে লেবাননের সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধবিরতির শর্তও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার প্রথম ধাপেই লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় এখনো ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন করে মাঝেমধ্যেই হামলার অভিযোগও উঠছে। তবে ইসরায়েলের দাবি, নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী অভিযান চালানোর অধিকার তাদের থাকবে।
এ পরিস্থিতিতে হিজবুল্লাহ প্রধান বলেন, ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার অজুহাতে লেবাননে অবস্থান করছে না, বরং দেশটির ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই সেখানে রয়েছে। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশটির জাতীয় সেনাবাহিনীর এবং সেখানে ইসরায়েলি বাহিনীর উপস্থিতির কোনো বৈধতা নেই।
নাঈম কাসেম আরও বলেন, যুদ্ধবিরতি তখনই অর্থবহ, যখন উভয় পক্ষই সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে। এমন কোনো যুদ্ধবিরতি গ্রহণযোগ্য হতে পারে না, যেখানে ইসরায়েল হামলা চালিয়ে যাবে, কিন্তু লেবাননের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া থাকবে না। তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন হলে হিজবুল্লাহ প্রয়োজনীয় জবাব দেবে।’
ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ইরান কঠোর প্রতিরোধের মাধ্যমে এমন একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি।
লেবাননের সরকারের উদ্দেশে হিজবুল্লাহ প্রধান বলেন, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ভেস্তে দিয়েছেন এবং দেশটি এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পথে এগোলে প্রতিরোধ বাহিনী সরকারের পাশে থাকবে। একই সঙ্গে তিনি লেবাননের রাজনৈতিক নেতৃত্বকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বাস্তবায়ন না করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
**সূত্র: আনাদোলু এজেন্সি**