
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাঁচানি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার (২৬ জুন) সকালে রাসেল গ্রুপের সদস্যরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামিদ গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়। পরে হামিদ গ্রুপের সদস্যরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।