
ভারতের অযোধ্যার রামমন্দিরের দান ও অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ ওঠার পর বিশেষ তদন্ত দলের প্রাথমিক প্রতিবেদন এবং মন্দির কর্তৃপক্ষের মামলার ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযোগে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মন্দিরের একজন কর্মী, অনুদানের অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন এবং সংশ্লিষ্ট আরও কয়েকজন রয়েছেন। তাদের বিরুদ্ধে দানবাক্সের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও আত্মসাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে একটি গণমাধ্যম জানায়, অভিযুক্তদের তালিকায় রামশঙ্কর যাদব ওরফে টিন্নুর নাম রয়েছে। তিনি মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এছাড়া আরও সাতজনকে এ মামলায় আসামি করা হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর বিশ্ব হিন্দু পরিষদকে ঘিরেও আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত তদন্তে সংগঠনটির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
পুলিশ জানিয়েছে, অনুদান ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অর্থ আত্মসাতের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।