
শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মিছিল চলাকালে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।