
মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই অঞ্চলজুড়ে নিজেদের সামরিক উপস্থিতি জোরালোভাবে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা চললেও মার্কিন বাহিনী যে পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে, সে বার্তাই দিয়েছে ওয়াশিংটন।
মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মোতায়েন থাকা মার্কিন সেনারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক দাপ্তরিক বার্তায় সেন্টকম উল্লেখ করেছে, অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা ‘আকাশে, মাটিতে এবং সমুদ্রে’ নিয়মিত অভিযান ও কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। ওই বার্তার সঙ্গে প্রকাশ করা একটি ছবিতে মধ্যপ্রাচ্যের আকাশে দুটি আধুনিক যুদ্ধবিমানকে নিয়মিত টহল দিতে দেখা যায়।
এর আগে সেন্টকম আরও কয়েকটি ছবি প্রকাশ করেছিল। সেসব ছবিতে আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এ নৌবাহিনীর সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়।
এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ঠিক এমন সময়েই মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই বার্তা ও ছবি প্রকাশ করা হলো, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই