
মধ্যপ্রাচ্যের জ্বালানি সমৃদ্ধ দেশ কাতারে একটি বৃহৎ গ্যাসক্ষেত্রে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার পর থেকে ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে রাজধানী দোহাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘরবাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে।
ঘটনার পর কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের অন্যতম বৃহৎ গ্যাস উৎপাদন কেন্দ্র রাসলাফফানে একটি কারিগরি ত্রুটির কারণে এ বিস্ফোরণের সূত্রপাত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, উদ্ধারকর্মী এবং বিশেষায়িত জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিখোঁজ ১৮ জনকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প কিংবা সম্ভাব্য সামরিক হামলা বলে ধারণা করেছিলেন। তবে পরে কাতার কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পর্কে জনগণকে আশ্বস্ত করে জানায়, দুর্ঘটনাস্থলের বাইরে কোনো ক্ষতিকর গ্যাস বা বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি।
সূত্র: গালফ নিউজ ও সিনহুয়া