
সম্ভাব্য শান্তি চুক্তির সমঝোতা স্মারকের তথ্য ফাঁসের ঘটনায় ইরানের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেছেন, ইরানকে বিশ্বাস করা যায় না। তবে একই সঙ্গে চুক্তিটি চূড়ান্ত করার ব্যাপারেও তিনি আগ্রহী বলে জানিয়েছেন।
ট্রাম্পের দাবি, আলোচনায় থাকা চুক্তির প্রকৃত বিষয়বস্তুর সঙ্গে মিল না রেখেই ইরান ইচ্ছাকৃতভাবে সমঝোতা স্মারকের বিভিন্ন তথ্য বাইরে প্রকাশ করেছে। এ প্রসঙ্গে তিনি ইরানকে ব্যবসায়িকভাবে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে বলেন, “তাদের মোটেও বিশ্বাস করা যায় না।”
এদিকে মার্কিন প্রশাসনের অবস্থান পুনর্ব্যক্ত করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানকে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা কিংবা নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেতে হলে আগে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।
ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা। এসব বিষয়ে ওয়াশিংটন কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয় বলেও তিনি উল্লেখ করেন।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে যে খসড়া চুক্তি নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত চুক্তির কাঠামো তার কাছাকাছিই রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এবার চুক্তির ভাষা ও শর্তাবলীতে সর্বোচ্চ স্পষ্টতা নিশ্চিত করতে চায়, যাতে ভবিষ্যতে কোনো পক্ষের জন্য ব্যাখ্যার সুযোগ বা ফাঁকফোকর না থাকে।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর ট্রাম্পের অসন্তোষ থাকলেও সম্ভাব্য এই চুক্তিকে বাস্তবে রূপ দিতে তিনি যথেষ্ট আগ্রহী। চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোলে শিগগিরই একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল জাজিরা