
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসির জানজান প্রাদেশিক শাখা এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের হামলায় আনসার আল-মাহদি ইউনিটের তিন সদস্য নিহত হয়েছেন। তাদের ‘সাহসী ও নিবেদিতপ্রাণ’ সদস্য হিসেবে উল্লেখ করে বাহিনীটি বলেছে, নিহতরা দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দায়িত্ব পালন করছিলেন।
তবে হামলাটি ঠিক কোথায়, কখন এবং কী ধরনের সামরিক অভিযানের মাধ্যমে চালানো হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। নিহতদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী সরকার’ আখ্যা দিয়ে বলা হয়েছে, হামলায় নিহত সদস্যদের আত্মত্যাগ বৃথা যাবে না। একই সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইআরজিসি।
এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল