
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের মার্কিন প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের উদ্দেশে রওনা দেন। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি প্রথমে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। তাদের সফরসূচিতে সম্প্রসারিত ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) এবং ৬ নম্বর ক্যাম্পও অন্তর্ভুক্ত রয়েছে।
পরিদর্শনের সময় সার্জিও গোর ও তার সফরসঙ্গীরা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং আশ্রয়শিবিরের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে ক্যাম্পে কর্মরত সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় করার কথা রয়েছে।
এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।