
বিশ্বের কোটি কোটি মুসলিমের অপেক্ষার অবসান ঘটিয়ে পবিত্র ঈদুল আজহা ও হজের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদির আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (১৮ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জিলহজ মাস। সেই হিসেবে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং তার পরদিন অর্থাৎ ২৭ মে (বুধবার) সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোববার জিলকদ মাসের ২৯তম দিন হওয়ায় ইসলামি নিয়ম অনুযায়ী আরবের আকাশে জিলহজের চাঁদ দেখার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছিল। সন্ধ্যার পর চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দেশটির সর্বোচ্চ আদালত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, চাঁদের অবস্থান ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে। ইসলামি শরিয়তের এই সময়সূচি অনুযায়ী, জিলহজ মাসের ৯ম দিন অর্থাৎ আগামী ২৬ মে পবিত্র আরাফাতের দিন বা হজ অনুষ্ঠিত হবে। এর ঠিক পরদিন, জিলহজ মাসের ১০ম দিন ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সাধারণত মধ্যপ্রাচ্য তথা সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই তার পরদিন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখা যায় এবং ঈদ উদযাপিত হয়। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বরাবরের মতোই বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আজ সোমবার (১৮ ১৮ মে) সন্ধ্যায় বৈঠক শেষে দেশের জন্য কোরবানির ঈদের চূড়ান্ত ও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।