
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে ১ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার সহায়তার আশ্বাস দিয়েছে জাপান। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্প দ্রুত ও নির্বিঘ্নভাবে শেষ করার ওপর গুরুত্বারোপ করেছে দেশটির প্রতিনিধি দল।
বুধবার (২৯ এপ্রিল) জাপানের বিশেষ দূত ও কৃষিমন্ত্রী সুজুকি নরিকাজুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তনের ওপর জোর দেন। তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সময় জাপানি প্রতিনিধিরা বাংলাদেশে চলমান তাদের অর্থায়নাধীন বিভিন্ন বড় প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন। এর মধ্যে রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রোরেল প্রকল্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তারা এসব প্রকল্প দ্রুত ও বাধাহীনভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকরভাবে এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে উন্নীত করার বিষয়েও আলোচনা হয়।
জাপানের প্রতিনিধি দল বাংলাদেশে খাদ্যপণ্য রপ্তানি বৃদ্ধি, কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে তারা জাপানে বাংলাদেশি জনশক্তি নিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করে, বিশেষ করে স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ কর্মী পাঠানোর সম্ভাবনার কথা উঠে আসে।
জবাবে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি কৃষি, ইলেকট্রনিকস ও অটোমোবাইল খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত জাপানি প্রতিনিধিরা এসব প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে জানানো হয়। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানিয়ে জাপান সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী, কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।