
পাবনা শহরের দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ক্লিনিক মালিকদের কারাদণ্ড, জরিমানা ও ক্লিনিক দুটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পাবনা শহরের গোলাপবাগ এলাকায় মধুপুর ক্লিনিক ও শালগাড়িয়া গোডাউনপাড়ায় সালেহা ক্লিনিকে অভিযান চালানো হয়।
অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্লিনিকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, চিকিৎসাসেবার মান খারাপ, কোনো ডাক্তার-নার্স না থাকা, সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনা-সহ নানা অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এজন্য ক্লিনিক দুটি সিলগালা করা হয়েছে।
একই সঙ্গে মধুপুর ক্লিনিকের মালিক শফিকুল রহমান শফিকে এক মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সালেহা ক্লিনিকের মালিক রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এনএসআই-এর যুগ্ম পরিচালক তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এবিএম লুৎফুল কবীরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি হিসেবে ডা. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।