
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় স্থবিরতার মধ্যেও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দাবি করেছেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে তাদের কূটনৈতিক উদ্যোগের কারণে যুদ্ধবিরতির মেয়াদ কিছুটা বাড়ানো সম্ভব হয়েছে এবং সেই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে জানানো হয়, শাহবাজ শরিফ বলেন, ‘আমাদের ব্যাপক প্রচেষ্টার কারণে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, যা এখনো চলছে।’ তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ কোনোভাবেই থেমে নেই এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার চেষ্টা চলছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, যদিও বর্তমান পরিস্থিতিতে ইরান তাদের নেতৃত্ব কাঠামো নিয়ে চাপের মধ্যে রয়েছে বলে দাবি করা হয়।
হোয়াইট হাউস আরও জানায়, যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট যে, ইরানের সঙ্গে যেকোনো চুক্তি হতে হবে এমন শর্তে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে। একই সঙ্গে মার্কিন প্রশাসন ইরানের প্রতি কূটনৈতিক বার্তা অব্যাহত রাখছে বলে জানানো হয়।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে সতর্ক করে ‘বুদ্ধিমত্তা দেখানোর’ পরামর্শ দেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার এমন মন্তব্যের পরই হোয়াইট হাউস থেকে নতুন করে এই অবস্থান জানানো হয়।