
চাপের মুখে ব্যাট হাতে সামনে এসে দাঁড়িয়েছেন তাওহিদ হৃদয়। দল যখন দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায়, তখন তার ব্যাট থেকেই আসে পাল্টা লড়াইয়ের সুর। অবশেষে তিনি তুলে নিয়েছেন আরও একটি দারুণ অর্ধশতক
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাঝের ওভারে হোঁচট খায় বাংলাদেশ। লিটন দাস ও তানজিদ হাসান ফিরে গেলে চাপে পড়ে যায় দল। ঠিক তখনই পারভেজ ইমনের সঙ্গে জুটি গড়ে পাল্টা আক্রমণে নামেন হৃদয়। ইশ সোধির এক ওভার থেকেই দুজন মিলে তোলেন ১৮ রান, যেখানে ছিল দুটি ছক্কা ও একটি চার। সেই ওভারই যেন ঘুরিয়ে দেয় ম্যাচের গতি।
চতুর্থ উইকেটে মাত্র ২৩ বলে ৪৮ রান যোগ করেন হৃদয় ও ইমন। চাপ সামলে দ্রুত রান তোলার এই প্রচেষ্টায় আবার লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ। তবে ইমন বিদায় নিলেও থামেননি হৃদয়। ইনিংসের হাল ধরে রেখে এক প্রান্ত আগলে খেলতে থাকেন তিনি, মাঝে মাঝে খেলেছেন দৃষ্টিনন্দন শট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হৃদয়ের রান ২৬ বলে ৫০। তার ব্যাটেই এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে। শেষ দিকের লড়াইয়ে বাংলাদেশকে জয়ের পথে নিতে হলে এই ইনিংসটিকেই বড় করে তুলতে হবে হৃদয়কে।