
আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৫০ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ রোহিঙ্গা শরণার্থী এবং কিছু বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে একটি ট্রলারে, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। যাত্রাপথে আন্দামান সাগর এলাকায় প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রীবোঝাই থাকায় নৌকাটি ভারসাম্য হারিয়ে দ্রুত বিপর্যয়ের মুখে পড়ে।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তারা জানান, এটি একটি বড় মানবিক ট্র্যাজেডি, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার ফল।
বিবৃতিতে বলা হয়, রাখাইনে চলমান সহিংসতা এবং শরণার্থী শিবিরে সীমিত সুযোগ-সুবিধার কারণে অনেক মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। পাচারকারীরা ভালো জীবনের প্রলোভন দেখিয়ে তাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা হয় এবং সংকটের টেকসই সমাধানে কাজ করা হয়।