
নগদ লেনদেনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দেশে কার্যকর করা হলো ‘ক্লিন নোট পলিসি’। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে সব তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করে তার বিনিময়ে নতুন নোট সরবরাহ করা বাধ্যতামূলক। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনায় বলা হয়, বাজারে ছেঁড়া-ফাটা নোটের পরিমাণ বেড়ে যাওয়ায় নগদ লেনদেনে সাধারণ মানুষকে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে ‘ক্লিন নোট পলিসি’ আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষভাবে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট বিনিময়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। ব্যাংকগুলোর সেবা প্রদানে কোনো ধরনের অনীহা বা গাফিলতি দেখা গেলে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে এবং সব ব্যাংক শাখাকে সাধারণ মানুষের জন্য নির্বিঘ্ন নগদ সেবা নিশ্চিত করতে হবে।