
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আটজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট ৩০১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
এদিকে আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৭ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১২৯ জনে পৌঁছেছে।
হাসপাতাল ব্যবস্থাপনাতেও চাপ বাড়ছে। এখন পর্যন্ত হাম সন্দেহে ১১ হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯ হাজার ৩০৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন তারা।