
তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসে বড় ধরনের বিমান অভিযান চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ওই অভিযানে প্রায় ৫০টি যুদ্ধবিমান অংশ নেয়। খবর বিবিসির।
শুক্রবার (৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান ওই বাঙ্কারকে লক্ষ্য করে অভিযান চালায়। অত্যন্ত সুরক্ষিত এই স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল, যেখান থেকে ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন।
আভিচাই আদরাই আরও জানান, খামেনিকে হত্যার পরও ইরানের শাসকগোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ওই কমপ্লেক্স ব্যবহার করে আসছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এই ভূগর্ভস্থ বাঙ্কারটি একটি সম্পূর্ণ সড়কজুড়ে বিস্তৃত ছিল। সেখানে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের জন্য নির্ধারিত একাধিক কক্ষ ছিল, যেগুলো বিভিন্ন প্রবেশপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত।