
শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সরকার।
শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক ভিডিও বার্তায় ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মিউতিয়া হাফিদ এই সিদ্ধান্তের কথা জানান।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং এবং ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি কমাতে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে।
এই নীতি কার্যকর হলে অস্ট্রেলিয়া, স্পেন ও মালয়েশিয়ার পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে ইন্দোনেশিয়া।
সরকার জানিয়েছে, আগামী ২৮ মার্চ থেকে ফেজবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ প্ল্যাটফর্মে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করা শুরু হবে।
মন্ত্রী আরও বলেন, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন না করা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ব্যবহারকারীদের বয়স যাচাই কীভাবে নিশ্চিত করা হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
সরকারের মতে, শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক শিশু পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তির মতো সমস্যার ঝুঁকিতে রয়েছে।
তবে মন্ত্রী স্বীকার করেছেন, নতুন এই বিধিনিষেধ কার্যকর হলে শুরুতে কিছু শিশু অসন্তোষ প্রকাশ করতে পারে এবং অভিভাবকদেরও কিছুটা জটিলতার মুখে পড়তে হতে পারে। তবুও দীর্ঘমেয়াদে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছে সরকার।
এ বিষয়ে এখন পর্যন্ত টিকটক বা মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।