
দেশের তরুণদের সক্রিয় ও ইতিবাচক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’ একটি ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করেছে। একই সঙ্গে জুলাইয়ের ছাত্র-জনতার ‘হৃত স্বপ্ন’ পুনরুদ্ধার এবং দায়বদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে সারাদেশের ছাত্র ও নাগরিকদের পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান কাজ হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ তৈরি করা। পাশাপাশি জুলাইয়ের আন্দোলনে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং নীরবে সক্রিয় থাকা আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা। একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জুলাইয়ের ছাত্র-জনতার হারিয়ে যাওয়া স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্যেই এই ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এই কমিটি দেশজুড়ে সংগঠনের কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবে।
কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক এবং সাধারণ জনগণকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন।
ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠকদের মধ্যে রয়েছেন—আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনুভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাংগঠনিক প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্যসংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে।