
রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার রেশ কাটতে না কাটতেই সৌদি আরবের রাজধানীতে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার লক্ষ্যস্থল ছিল শহরের কূটনৈতিক কোয়ার্টার, যেখানে বিদেশি কূটনীতিকদের আবাসস্থল অবস্থিত।
বার্তাসংস্থা এএফপি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কূটনৈতিক এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।
রয়টার্সের বরাতে আল-জাজিরার লাইভ আপডেটে জানানো হয়েছে, সৌদি কর্তৃপক্ষ রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার বিষয়টি নিশ্চিত করার কিছুক্ষণের মধ্যেই কূটনৈতিক কোয়ার্টারে নতুন করে দুটি বিস্ফোরণ ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।
এর আগে রয়টার্স জানায়, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এর ফলে ভবনের একটি অংশে 'সামান্য অগ্নিকাণ্ড' ঘটে এবং আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনী দুবাইয়ে মার্কিন বাহিনীকে টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটি ‘জটিল হামলা’ পরিচালনা করেছে।
এছাড়া আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।