
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের কড়া নিন্দা জানিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে চীন। বেইজিং স্পষ্ট ভাষায় বলেছে, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে তারা দৃঢ় অবস্থানে রয়েছে। এমন সামরিক কর্মকাণ্ডকে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করেছে দেশটি। এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম CCTV এবং Xinhua।
প্রতিবেদন অনুযায়ী, চীনের পররাষ্ট্রমন্ত্রী Wang Yi ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi–র সঙ্গে কথা বলে বেইজিংয়ের অবস্থান ব্যাখ্যা করেন।
আলোচনায় ওয়াং ই বলেন, চীন-ইরান সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে এবং বেইজিং এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তিনি জোর দিয়ে জানান, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা সুরক্ষায় চীন পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। তিনি সতর্ক করেন, পরিস্থিতি যেন আরও জটিল আকার না নেয় এবং এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল আচরণ প্রয়োজন।