
তারাবির নামাজে গিয়েছিলেন স্বামী, আর সেই সুযোগেই রাজধানীর তুরাগে এক বাসায় নেমে আসে ভয়াবহ ডাকাতি। একা বাড়িতে থাকা রেজিনা মমতাজ নামের ৬৬ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন এই ঘটনায়। সোমবার ২ মার্চ রাতে তুরাগ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বাসা থেকে সোনার গহনা ও নগদ অর্থ লুট করা হয়েছে।
স্বজনদের তথ্য অনুযায়ী, রেজিনা মমতাজের স্বামী তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে একদল দুর্বৃত্ত বাসায় ঢুকে পড়ে। সে সময় তিনি বাড়িতে একাই ছিলেন। ডাকাতরা তাকে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দেয়। এরপর ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
নিহতের ছেলে রয়সুল আলম জানান, তার বাবা-মা ওই বাসাতেই বসবাস করতেন। নামাজ শেষে তার বাবা বাসায় ফিরে ঘরের অগোছালো অবস্থা দেখতে পান। পরে তিনি রেজিনা মমতাজকে বাঁধা অবস্থায় উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তুরাগের ১৫ নম্বর সেক্টরের ই-ব্লকের ৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তুরাগ থানার ডিউটি অফিসার অপূর্ব দত্ত বলেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।