
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭৬ জন।
বুধবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৯০৭ জনে পৌঁছেছে।
একই সময়ে ৯২০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।