
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু, আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৯ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ঘটে।
প্রতিবেদনে আরও জানানো হয়, একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে ৫৪ জন শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।
একই সময়ে হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৫ জনের। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।