দেশজুড়ে হামের প্রকোপ ফের ভয়াবহ রূপ নিচ্ছে। এক দিনের ব্যবধানে আক্রান্ত ও মৃত্যুর নতুন পরিসংখ্যান সামনে আসতেই জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬৪ জন রোগী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে।
বিশেষজ্ঞরা বলছেন, এমন ধারাবাহিক সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং নজরদারি বাড়ানো জরুরি। তবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতেও চাপ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশের বিভিন্ন এলাকায় একের পর এক নতুন রোগী শনাক্ত হওয়ার কারণে জনস্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের কার্যকর পদক্ষেপের ওপর এখন সবার নজর রয়েছে।