দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলমান সংক্রমণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে এক হাজার ৬৩১ জনকে শনাক্ত করা হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ (শনিবার) থেকে ২১ মে (বুধবার) পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৭৯ জনে।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ২০৮ জন। আর মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার ২৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চের পর থেকে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৪০৫ জনে। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে গত এক দিনে মারা গেছে আরও তিন শিশু। সব মিলিয়ে নিশ্চিত হামজনিত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে।
এদিকে চলমান পরিস্থিতিতে হাসপাতালগুলোতেও চাপ বাড়ছে। ১৫ মার্চ থেকে ২১ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪২ হাজার ৩৩৬ জন।
এর আগে দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয় ২৬ এপ্রিল (শনিবার)। ওই দিন ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে এক হাজার ৫৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।