মাহফুজ আলমের সাম্প্রতিক ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই রাজনৈতিক বিশ্লেষক মঙ্গলবার (১৯ মে) রাতে দেওয়া এক পোস্টে পতিত আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান নিয়ে একাধিক পর্যবেক্ষণ তুলে ধরেন।
পোস্টে তিনি লেখেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এ দেশে হিরো বানানো হয়েছিল।’ তার মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়ার ফলাফল।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক বিভাজন, ২৪ সালের ঘটনাকে ৭১-এর বিপরীতে দাঁড় করানো, এবং বিভিন্ন শক্তির উত্থান-পতনের প্রেক্ষাপটেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তার ভাষায়, আইনশৃঙ্খলার পরিবর্তে মব-নির্ভর পরিবেশ তৈরি হওয়া রাজনৈতিক কাঠামোকে দুর্বল করেছে।
পোস্টে তিনি বলেন, সমাজে উগ্র রাজনৈতিক আচরণের বিস্তার, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় নীরবতা এবং রাজনৈতিক সংস্কারের অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে।
মাহফুজ আলম তার লেখায় আরও অভিযোগ করেন, সীমিত সংস্কার উদ্যোগ, বিভিন্ন কমিশন ও প্রশাসনিক কাঠামোর রাজনৈতিক ব্যবহার, এবং সিদ্ধান্ত গ্রহণে অস্বচ্ছতা জনমনে হতাশা তৈরি করেছে।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করে অনিয়ন্ত্রিত পরিস্থিতির দিকে ধাবিত হওয়ার ফলে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।
পোস্টে তিনি মিডিয়া, বিশ্ববিদ্যালয় রাজনীতি এবং প্রশাসনিক ব্যবস্থার ভূমিকা নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন। তার মতে, যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক সমীকরণ অনেক ক্ষেত্রে সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একাংশ এটিকে রাজনৈতিক বাস্তবতার বিশ্লেষণ হিসেবে দেখলেও অন্যদিকে অনেকে এটিকে বিতর্কিত ও পক্ষপাতমূলক ব্যাখ্যা হিসেবে মন্তব্য করছেন।