
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬১৫ জন শিশু।
বুধবার (১৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগ-এ ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগ-এ ২ জন এবং ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এ একজন করে মোট ২ জন মারা গেছে। একই সময়ে বরিশাল বিভাগ-এ হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ৩৮ হাজার ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৩৩ হাজার ৮৩২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।