
দেশে গত একদিনে হাম এবং হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি নয়জনের মৃত্যু হয়েছে হামের লক্ষণ নিয়ে।
রোববার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করে।
অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২৪৪ জনে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত দেড় মাসে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩১৩ জন। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১। আক্রান্তদের বড় একটি অংশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৯০ জন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যখাতে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।