
একসময় টেলিভিশন নাটকের পরিচিত ও নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয় ও বিজ্ঞাপনের ব্যস্ততা থেকে বর্তমানে অনেকটাই দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের উপস্থিতি জানান দেন তিনি। এবার লাল শাপলার সৌন্দর্যের মাঝে সাদা শাড়িতে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুমাইয়া শিমু। ছবিতে দেখা যায়, শাপলাভরা জলাশয়ের মাঝে একটি নৌকায় বসে রয়েছেন তিনি। পরনে লাল পাড় ও নকশার কাজ করা সাদা শাড়ি। খোলা চুল আর মিষ্টি হাসিতে স্নিগ্ধ এক রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।
চারপাশে ফুটে থাকা লাল শাপলা আর নৌকায় বসে থাকা সুমাইয়ার উপস্থিতিতে ছবিগুলোতে ফুটে উঠেছে বাংলার চিরচেনা প্রকৃতির সৌন্দর্য। ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসছেন তিনি। প্রশংসাকারীদের তালিকায় রয়েছেন অভিনেত্রী বিজরী বরকত উল্লাহ, মৌসুমী নাগ ও ফারজানা চুমকি। ফারজানা চুমকি মন্তব্যে লিখেছেন, ‘ফুলের মধ্যে আছে আর একটা ফুল’।
একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে সংসার ও ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিচ্ছেন সুমাইয়া শিমু। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ভক্তদের কাছে তাঁর জনপ্রিয়তা যে এখনো অটুট, নতুন ছবিগুলোতে পাওয়া প্রতিক্রিয়াই তার প্রমাণ দিচ্ছে।