
তিন বছর বিরতি দিয়ে আবারও বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপ সংগীতের জনপ্রিয় শিল্পী লাকি আলী। ২০২৩ সালে ঢাকায় সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও গান শোনাবেন এই শিল্পী।
‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ নামে কনসার্টটির আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। এর লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত শেফস টেবিল কোর্টসাইডে মঞ্চে উঠবেন লাকি আলী।
ইতিমধ্যে ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামের অনুষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। দুই শহরের কনসার্টেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের কয়েকটি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। আজই এসব ব্যান্ডের নাম প্রকাশ করার কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
ইকিউবের ওয়েবসাইট থেকে কনসার্টের টিকিট কেনা যাচ্ছে। তিনটি শ্রেণিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ শ্রেণির টিকিট ৪ হাজার, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি শ্রেণির টিকিটের দাম ১২ হাজার টাকা।
সম্প্রতি বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত কয়েকটি কনসার্ট স্থগিত হওয়ায় লাকি আলীর অনুষ্ঠান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে ইকিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু করা হয়েছে। শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে আশাবাদী আয়োজকেরা। দর্শকদের জন্য স্মরণীয় একটি কনসার্ট আয়োজন করতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের মেলোডি গানে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুনো’র ‘ও সানাম’ গানটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
বলিউডের প্লেব্যাক সংগীতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’ ও ‘সফরনামা’। ২০১৫ সালের পর থেকে ধীরে ধীরে বলিউডের প্লেব্যাক থেকে সরে এসে স্বাধীন সংগীতচর্চায় বেশি মনোযোগ দেন এই শিল্পী।