
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করলে সরাসরি ‘না’ বলার অধিকার অভিনয়শিল্পীদের রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণী অভিনেত্রী ইনিয়া। সম্প্রতি ‘মুভি ওয়ার্ল্ড মিডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ সময় ব্যক্তিগত পরিসর ও নিজের সীমারেখার গুরুত্ব বোঝাতে বাবার দেওয়া একটি পরামর্শের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।
ইনিয়ার মতে, অন্তরঙ্গ দৃশ্য, শোবার ঘরের দৃশ্য, চুম্বন কিংবা আলিঙ্গনের মতো কোনো দৃশ্যে আপত্তি থাকলে শুটিং শুরুর আগেই নির্মাতাদের তা জানানো উচিত। একইভাবে খোলামেলা পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ না করলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে। নিজের অস্বস্তি ও আপত্তির বিষয়গুলো নির্মাতাদের কাছে তুলে ধরা শিল্পীর নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।
ইনিয়া বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য কোনো শিল্পীকে জোর করা যায় না। তাঁর সম্মতি ছাড়া এ ধরনের দৃশ্যে অভিনয় করতে বাধ্য করার সুযোগ নেই। তবে নিজের অস্বস্তি বা আপত্তির কথা যথাসময়ে জানানোও শিল্পীর দায়িত্ব।
সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন কিংবা খোলামেলা পোশাকে অভিনয় নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। বিশেষ করে শুটিংয়ের সময় অভিনয়শিল্পীদের সম্মতি এবং ব্যক্তিগত সীমারেখা কতটা গুরুত্ব পায়, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
নিজের ব্যক্তিগত পরিসরের গুরুত্ব বোঝাতে বাবার দেওয়া পরামর্শের কথা জানিয়ে ইনিয়া বলেন, তাঁর বাবা সব সময় বলতেন, নিজের ঘর একান্তই ব্যক্তিগত জায়গা। সেখানে কাউকে প্রবেশ করতে দেবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র নিজের।
অভিনেত্রীর ভাষ্য, কোনো বিষয়ে একবার সম্মতি দেওয়ার পর কাজ শেষ হলে সেটি নিয়ে আপত্তি তোলার যৌক্তিকতা থাকে না। এ কারণে কাজ শুরুর আগেই নিজের সীমারেখা স্পষ্ট করে দেওয়া জরুরি। প্রয়োজনে নির্মাতারা ক্যামেরার বিভিন্ন কৌশল ব্যবহার করেও দৃশ্যটি ধারণ করতে পারেন বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি নয়নতারা অভিনীত তামিল ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘মুকুথি আম্মান ২’ গত ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমায় অভিনয় করেছেন ইনিয়াও।