
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতার ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
ভিডিওটিতে আপত্তিকর অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় পাভেলকে। এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। তাদের মধ্যে এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।
ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন।
মীরাক্কেল থেকে দেশে ফেরার পর স্টেজ শো ও বিভিন্ন ছোট চরিত্রে অভিনয় শুরু করেন পাভেল। তবে শুরুতে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয়যাত্রা শুরু হয়।
পরবর্তী সময়ে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয় করে পাভেলের ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পান তিনি।
এ ছাড়া কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টেও অভিনয় করেছেন পাভেল। এসব কাজেও দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।