
দুর্গাপূজাকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় রয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দেশু ৭’। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার ও প্রথম গান। দুটিই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে সিনেমার প্রচারের পাশাপাশি দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক ও বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা হওয়ায় বিষয়টি নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন দেব।
সম্প্রতি কলকাতায় একটি স্যালোন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাবেক প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেন এই অভিনেতা। দেব জানান, শুভশ্রীর সঙ্গে একসময় তার সম্পর্ক থাকলেও এখন তারা ভালো বন্ধু। কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরিক্ত আলোচনা হওয়ায় প্রকাশ্যে স্বাভাবিকভাবে কথা বলতেও অস্বস্তিতে পড়তে হয়।
দেব বলেন, ‘একসময় সম্পর্ক ছিল। এখন আমরা বন্ধু হয়েছি। তোমাদের সঙ্গে যেমন কথা বলি, ওর সঙ্গেও প্রকাশ্যে কথা বলতে ভয় লাগে। কে কীভাবে রিল বানাবে, সেটাই ভাবতে হয়। আমি কোনো অনুষ্ঠানে গিয়ে স্বাভাবিকভাবে ওকে আলিঙ্গন করলেও সেটি নিয়ে রিল তৈরি হচ্ছে। আমরা চাইলেও স্বাভাবিক হতে পারছি না।’
অভিনেতার ভাষ্য, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন আগ্রহের কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে দুজনকে খুব বেশি একসঙ্গে দেখা যাচ্ছে না। তাদের একসঙ্গে দেখলেই সিনেমার বিষয়বস্তুর বদলে সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্স নিয়ে প্রশ্ন শুরু হয়ে যায় বলে জানান দেব।
তিনি বলেন, ‘আমরা প্রোমোশনেই বের হচ্ছি না। বের হলেই প্রশ্ন আসে ডিভোর্স, বিচ্ছেদ এসব নিয়ে। কেউ “দেশু ৭” নিয়ে আলোচনা করছে না। আমি প্রথমবার পরিচালনা করে যে ক্যানভাস তৈরি করেছি, সেটা নিয়েও কেউ কথা বলছে না। কবে শেষ কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে, সেটাও কেউ বলছে না।’
বড় বাজেটের ‘দেশু ৭’-এ দেবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। প্রকাশিত টিজারে সিনেমাটির বেশ কিছু অ্যাকশন দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। একই সঙ্গে দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও সিনেমাটি নিয়ে কৌতূহল বাড়িয়েছে।
দেব জানান, দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে দেব-শুভশ্রী জুটিকে আবার পর্দায় দেখার যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটিকে গুরুত্ব দিয়েই সিনেমাটির গল্প ও নির্মাণ পরিকল্পনা করা হয়েছে। কেবল শুভশ্রীকে নিয়ে অল্প সময়ের শুটিং করে একাধিক সিনেমা বানিয়ে দ্রুত ব্যবসা করার সুযোগ থাকলেও তিনি সে পথে যাননি।
এ প্রসঙ্গে দেব বলেন, ‘আমি যদি দেশু ৭-এর জায়গায় শুভশ্রীকে নিয়ে ১২-১৫ দিনের শুটিং করতাম, চারটে ছবি নামিয়ে দিতে পারতাম। প্রচুর টাকা কামিয়েও নিতে পারতাম। কারণ মানুষ মুখিয়ে আছে। প্রথম সপ্তাহে এমনিতেই হলে যাবে। কিন্তু সেটা না করে ধূমকেতু-র পর মানুষ দেব-শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, সেটা নিয়ে গবেষণা করে, সেভাবেই লিখে দেশু ৭ তৈরি করা হয়েছে।’
দেবের প্রথম পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এ দেব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে। দুর্গাপূজায় সিনেমাটি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।