
ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন যখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন পূজা। ছবিতে সাদা রঙের ওপর সবুজ ও নীল নকশার সালোয়ার-কামিজে প্রকৃতির মাঝে খোলা চুলে হাস্যোজ্জ্বল রূপে ধরা দেন তিনি।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “Becoming a better version of myself, one smile at a time.” অর্থাৎ, প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলছি।
ছবি প্রকাশের পরপরই হাজারো ভক্ত প্রতিক্রিয়া জানান। মন্তব্যের ঘরেও প্রশংসা ও শুভকামনায় ভরে ওঠে তার পোস্ট।
এদিকে, নতুন ছবির পাশাপাশি পূজার ব্যক্তিজীবন নিয়েও চলছে জোর আলোচনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরির পর তার বাগদান নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে আগেই তার বাগদান সম্পন্ন হয়েছে।
তবে এ বিষয়ে পূজা চেরির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে এক পডকাস্টে পূজা জানিয়েছিলেন, তিনি বিবাহিত নন, তবে পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছিল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বিয়ে করলে তা গোপনে করবেন না; বরং সবাইকে জানিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন।