
আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের উত্তেজনার মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি।
ম্যাচ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ পোস্টটির সঙ্গে তিনি কয়েকটি হাসির ইমোজিও যুক্ত করেন।
স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার জমা পড়ে। তবে পোস্টটির মন্তব্যের অপশন বন্ধ রেখেছিলেন এই অভিনেত্রী।
আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর আরও একটি পোস্ট দেন পরীমণি। সেখানে তিনি মজার ছলে লেখেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়ে টা ঠেকাতে!’
অনেকেই পরীমণির এই মন্তব্যকে নিছক রসিকতা হিসেবেই দেখছেন। ফুটবল নিয়ে উচ্ছ্বাস প্রকাশে তিনি বরাবরই সরব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এমন হাস্যরসাত্মক পোস্ট করে থাকেন।
ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন পরীমণি। বিয়ে ও বিচ্ছেদকে কেন্দ্র করে বিভিন্ন সময় তিনি সংবাদ শিরোনামে ছিলেন। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি ছেলে রয়েছে। পরে ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বর্তমানে ছেলে পুণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে একাই জীবনযাপন করছেন পরীমণি। একই সঙ্গে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।
পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে অতীতেও বিভিন্ন তথ্য সামনে এসেছে। ক্যারিয়ারের শুরুর দিকে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর শোনা যায়। পরে ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। এরপর সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তার বিয়ে হয়েছিল বলেও বিভিন্ন সময় আলোচনা হয়। পরবর্তীতে ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি।