
জন্মদিনেই ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হলেন আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। নির্মাতা এস এস রাজামৌলি তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ করেছেন। এতে ‘মন্দাকিনী’ চরিত্রে সম্পূর্ণ ভিন্ন দুই রূপে দেখা গেছে প্রিয়াঙ্কাকে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১৮ জুলাই) প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন উপলক্ষে ‘বারাণসী’ সিনেমার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দুটি স্থিরচিত্র প্রকাশ করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘আরও নতুন অভিযান, আরও আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য…।’
প্রকাশিত প্রথম ছবিতে রহস্যময় ও তীক্ষ্ণ ব্যক্তিত্বের এক নারীরূপে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা। কালো করসেট-স্টাইলের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে সাজানো হয়েছে তার লুক। ছবিটির মূল আকর্ষণ হয়ে উঠেছে তার তীক্ষ্ণ অভিব্যক্তি।
অন্য ছবিতে দেখা গেছে একেবারেই ভিন্ন অবয়বে। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে পাহাড় ও সবুজ তৃণভূমির পটভূমিতে উচ্ছ্বসিত ভঙ্গিতে লাফ দিতে দেখা যায় তাকে। পেছনের দৃশ্যে জেব্রা ও জিরাফও স্থান পেয়েছে।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘মন্দাকিনী’ চরিত্রটি একজন সাহসী বিশ্বভ্রমণকারী নারীর, যিনি একই সঙ্গে শক্তিশালী, সংবেদনশীল এবং স্মরণীয় ব্যক্তিত্বের অধিকারী।
দুটি পোস্টার প্রকাশের পর ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা। কেউ ধারণা করছেন, সিনেমাটিতে প্রিয়াঙ্কা প্রধান খলনায়িকার ভূমিকায় থাকতে পারেন। আবার কেউ মন্তব্য করেছেন, দীর্ঘ ক্যারিয়ারেও অভিনেত্রী নিজের আবেদন অটুট রেখেছেন।
‘আরআরআর’-এর আন্তর্জাতিক সাফল্যের পর রাজামৌলি এবার নির্মাণ করছেন ‘বারাণসী’। বড় বাজেটের এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। পৌরাণিক কাহিনি, ভারতীয় লোককথা এবং টাইম ট্রাভেলের বিজ্ঞান কল্পকাহিনি মিলিয়ে নির্মিত এ বৈশ্বিক অ্যাডভেঞ্চারধর্মী সিনেমাটি আগামী বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: বারাণসীর অফিসিয়াল ইনস্টাগ্রাম, ভারতীয় গণমাধ্যম।