
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব জানিয়েছেন, সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা তাকে জীবনের গভীর বাস্তবতা ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার ক্যারিয়ার, ব্যক্তিগত পরিবর্তন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন।
তৌসিফ বলেন, ‘খোয়াবনামা’ নাটকের কাজ করতে গিয়ে মৃত্যু ও পরকাল নিয়ে তার মধ্যে গভীর উপলব্ধি তৈরি হয়েছে। তিনি বলেন, জীবন খুবই ক্ষণস্থায়ী—যেকোনো মুহূর্তে মানুষ চলে যেতে পারে, তাই সবসময় প্রস্তুত থাকা উচিত।
তিনি আরও বলেন, এই জীবন আসলে পরকালের তুলনায় খুবই সাময়িক। কাজের অভিজ্ঞতা থেকে তার জীবনবোধে পরিবর্তন এসেছে বলেও জানান এই অভিনেতা।
নামাজ ও ধর্মীয় চর্চা প্রসঙ্গে তিনি বলেন, আগে নিয়মিত না হলেও এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছেন। তিনি মনে করেন, ভালো কাজ শুরু করার জন্য বয়স বা সময়ের অপেক্ষা করা উচিত নয়।
অভিনেতা আরও জানান, পর্দায় অভিনীত চরিত্রগুলোর প্রভাব ব্যক্তিজীবনেও পড়ে। বিশেষ করে আধ্যাত্মিক ও বাস্তবধর্মী কাজগুলো তার চিন্তাভাবনায় পরিবর্তন এনেছে।
ওটিটি প্ল্যাটফর্মে ‘চক্র’ সিরিজের সাফল্য নিয়ে তিনি বলেন, এই কাজ তাকে বড় পর্দায় যাওয়ার আত্মবিশ্বাস দিয়েছে। তবে সিনেমায় কাজ করতে হলে প্রস্তুতি ও প্রমাণের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।